বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের অপেক্ষায় সিলেট: ৬ আসনে ৩৩ প্রার্থীর লড়াই, প্রস্তুত ২৯ লাখ ভোটার


নিজস্ব প্রতিবেদক, সিলেট ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেটঃ উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত সিলেট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ভোটের লড়াই। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ​সিলেটের ৬টি সংসদীয় আসনে এবার লড়াই করছেন মোট ৩৩ জন প্রার্থী। ইতিমধ্যে বুধবার বিকেলের মধ্যেই ১ হাজার ১৬টি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিয়েছে প্রশাসন।

​সিলেটের ৬টি আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। প্রশাসনের তথ্য অনুযায়ী, শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রগুলোতে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

​সিলেট-১ (নগর-সদর): হেভিওয়েট এই আসনে মোট ভোটার ৬ লাখ ৭৪ হাজার ১৭১ হাজার। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪৯ হাজার ৫১৯ ও মহিলা ভোটার ৩ লাখ ২৪ হাজার ৬৩৯ জন। এ আসনে প্রার্থী ৮ জন। মূল লড়াইয়ে আছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর (ধানের শীষ) ও জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা)। এছাড়াও আছেন ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান (হাতপাখা), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে)।

​সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর): এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ১৮৭ ও মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২ জন। এখানে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন বিএনপির তাহসিনা রুশদীর লুনা (ধানের শীষ) ও জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা), মো. মুনতাছির আলী  (দেওয়াল ঘড়ি), গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য)।

​সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ): এ আসনে মোট ভোটার ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫ হাজার ৮৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ৫১৩ জন। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। এই আসনে লড়াই হবে বিএনপির এমএ মালিক (ধানের শীষ), জাতীয় পার্টির আতিকুর রহমানের (লাঙ্গল) ও বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিক্সা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মো. মইনুল বাকর (কম্পিউটার) ও স্বতন্ত্র প্রার্থী মো. মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল)।

​সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ): এ আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৬২ ও মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন। এখানে ৫ জন প্রার্থী মাঠে আছেন। বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ) ও জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা) এ আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এছাড়াও জাতীয় পার্টির মো. মুজিবুর রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা) ও গণঅধিকার পরিষদের জহিরুল হক (ট্রাক)।

​সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট): এ আসনের মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন। ৪ প্রার্থীর এই আসনে বিএনপি জোটের প্রার্থী জমিয়তের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ) ও জামায়াত জোটের আবুল হাসান (দেওয়াল ঘড়ি), বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ ওরফে চাকসু মামুন (ফুটবল)। বাংলাদেশ মুসলিম লীগের মো. বিলাল উদ্দিন (হারিকেন)।

​সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার): এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ২৪১ জন। এখানে ৫ প্রার্থী পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ) ও জামায়াতের সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার), জাতীয় পার্টি মো. আব্দুন নূর (লাঙ্গল), গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান (ট্রাক)।

​নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সিলেটে নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ ও সশস্ত্র আনসার বাহিনী। এছাড়া নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে র‍্যাব ও বিজিবি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।
​নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন